ইয়াবা ও গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড-জরিমানা, পরিবার ও সমাজকে সচেতন হওয়ার আহ্বান ইউএনওর

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর বাঘা উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় হাতেনাতে আটক এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা

হয়েছে। গত ৪ জুলাই ২০২৬ তারিখে বাঘা থানা পুলিশের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার পরিবারের অভিযোগ, মাদকের নেশা পূরণে তিনি ঘরের বিভিন্ন আসবাবপত্র বিক্রি করে দিতেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ধার-দেনা করতেন এবং প্রায়ই বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন। এমনকি কয়েকদিন আগে তিনি মাদক কেনার জন্য নিজের খাটের অংশও বিক্রি করে দেন। পারিবারিক অশান্তির কারণে তার স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যেতে বাধ্য হন।

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পরও এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। ছেলেকে পুলিশি গাড়িতে তোলার সময় তার মা এগিয়ে এসে তাকে পানি পান করিয়ে দেন। পরিবারটির এমন পরিস্থিতি উপস্থিত সবার মধ্যে আবেগের সৃষ্টি করে।

এ প্রসঙ্গে ইউএনও শাম্মী আক্তার বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। তিনি বলেন, মাদকাসক্তির মতো সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানদের যথেষ্ট সময় দেওয়া, তাদের চলাফেরা ও বন্ধু-বান্ধবের প্রতি নজর রাখা এবং আচরণগত পরিবর্তন দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, মাদকাসক্তি শুধু একটি পরিবারের ব্যক্তিগত সমস্যা নয়; এটি একটি সামাজিক সংকট। তাই আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে এসে মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *