মাদকের আস্তানায় গিয়ে সরাসরি সতর্কবার্তা দিলেন তৌহিদুর ইসলাম রেজা মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক: ১ জুলাই ২০২৬ রাজশাহীর তানোর উপজেলার সাদিপুর এলাকায় মাদকের বিস্তার রোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাদিপুর সমাজ কল্যাণ সমিতি। সংগঠনটির উদ্যোগে স্থানীয় সুধীজনদের সঙ্গে নিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আস্তানায় সরাসরি গিয়ে সতর্কবার্তা দেওয়া হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুন্ডুমালা পৌরসভার মেয়র পদপ্রার্থী তৌহিদুর ইসলাম রেজা। অভিযান চলাকালে তৌহিদুর ইসলাম রেজা বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এখনই সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর জন্য এই সমাজে কোনো ছাড় নেই। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়েই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।” তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই কার্যক্রম কোনো একদিনের নয়। ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও যদি এগিয়ে আসে, তাহলে মাদকের ভয়াবহতা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।” অভিযানে অংশ নেওয়া সাদিপুর সমাজ কল্যাণ সমিতির সদস্যরা জানান, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করে বলেন, দীর্ঘদিন পর মাদকের বিরুদ্ধে এমন সাহসী সামাজিক উদ্যোগ দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, তৌহিদুর ইসলাম রেজার নেতৃত্বে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা ও সেবন অনেকাংশে কমে আসবে এবং তরুণ প্রজন্ম একটি নিরাপদ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগই মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। Post navigation যে শিক্ষক আলোকিত করেছিলেন একটি গ্রাম, শেষ জীবনে তিনিই অন্ধকারের বাসিন্দা ৩ নম্বর পাঁচন্দর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান