ভুয়া হোয়াটসঅ্যাপে পুলিশ-সেনা কর্মকর্তাদের নামে প্রতারণা,, র্যাব-৫-এর অভিযানে গ্রেপ্তার ১ মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, পদবি ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাকে ভয় দেখিয়ে অর্থ দাবির অভিযোগে মো. শরিফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। র্যাব-৫, সদর কোম্পানি রাজশাহীর একটি দল গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রানীনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। র্যাব-৫ সূত্রে জানা যায়, গ্রেপ্তার শরিফুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ক্রাইম অ্যান্ড অপস শাখার অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবিরের নাম, পদবি ও ছবি ব্যবহার করে ‘Additional DIG Humayun’ নামে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে ছদ্মবেশ ধারণ করেন। এ কাজে তিনি অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করতেন বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, ওই হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাসহ পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং আইনজীবীদের ফোন ও মেসেজ পাঠানো হতো। বিভিন্ন মামলার ভয় দেখিয়ে তাদের কাছে টাকা দাবি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। র্যাব আরও জানায়, শরিফুল রাজশাহী ও ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইন প্রতারণা চালিয়ে আসছিলেন। র্যাব-৫-এর প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামির পিসিপিআর যাচাই করে জানা যায়, এর আগেও পুলিশ কর্মকর্তার পরিচয়ে একই ধরনের প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে দায়ের করা একাধিক মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে পুনরায় একই ধরনের অপরাধে জড়ানোর অভিযোগ রয়েছে। র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল ইসলাম অভিযোগের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-৫। র্যাব-৫-এর পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা, অর্থ দাবি ও সাইবার অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। Post navigation জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব দিলেন ডিআইজি আশিক সাঈদ; পাবনায় বিশেষ কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা রাজশাহী মহানগর ছাত্রদলের দাবীর প্রেক্ষিতে রামেকে পুলিশ বক্স স্থাপনের কাজ শুরু