পুলিশ কর্মকর্তার বাসায় তল্লাশি চালিয়ে ৯০ হাজার ইয়াবা উদ্ধার , স্ত্রী-শ্যালকসহ আটক ৩ কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে চট্টগ্রামে কর্মরত এক পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার শ্যালক, তাঁর স্ত্রী ও কিশোর বয়সী এক সহযোগীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে কক্সবাজার শহরতলির হাজীপাড়া এলাকায় পুলিশ কর্মকর্তা শহীদের বাসায় এ অভিযান চালানো হয়। ডিএনসি কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সৌমেন মণ্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসাটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন পুলিশ কর্মকর্তা শহীদের শ্যালক মোমেন মেহেদী আশিক, তাঁর স্ত্রী সাদিয়া ফারহানা এবং কিশোর বয়সী এক সহযোগী। ডিএনসি সূত্রে জানা গেছে, আটক তিনজনই কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, কক্সবাজার হয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যেই তারা ওই বাড়িতে অবস্থান করছিলেন। তবে উদ্ধার হওয়া মাদক ও অর্থের সঙ্গে পুলিশ কর্মকর্তা শহীদের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে কি না, সে বিষয়ে নিশ্চিত করেনি ডিএনসি। ডিএনসির উপপরিচালক সৌমেন মণ্ডল বলেন, উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিদের দীর্ঘদিনের মাদক কারবারের সঙ্গে কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএনসি। Post navigation নওগাঁয় পুলিশের তৎপরতায় গরুচোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার,;গরু উদ্ধার, চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দ কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা