কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা 👨💼 রেজুওয়ানুল হক, জয়পুরহাট জেলা প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, কালাইয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। র্যালিটি উপজেলা পরিষদ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ফয়সাল আহমেদ। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রী ও অতিথিদের উদ্দেশ্যে বলেন, “সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার। এটি শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্ম ও প্রতিটি নাগরিককে দক্ষ, নীতিবান ও সচেতন করে গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। নিরক্ষরতা দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ রাশেদুল আলম এবং ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জনাব মোঃ মুনছুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সাক্ষরতার গুরুত্ব, শিক্ষার প্রসার এবং একটি সম্পূর্ণ নিরক্ষরতামুক্ত সমৃদ্ধ কালাই গড়ে তোলার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। Post navigation পুলিশ কর্মকর্তার বাসায় তল্লাশি চালিয়ে ৯০ হাজার ইয়াবা উদ্ধার , স্ত্রী-শ্যালকসহ আটক ৩ নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়