পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট: এসিল্যান্ড শিবু দাসের নেতৃত্বে ৩ মাদকসেবীর কারাদণ্ড মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্টে তিন মাদকসেবীকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার পুঠিয়া উপজেলার শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকসেবনের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— শিবপুর বাজার এলাকার মৃত মোকছেদের ছেলে মো. মাসুদ রানা (৪৫), শিবপুর হাট এলাকার মো. বেল্লাল আলীর ছেলে মো. লিটন (৩৫) এবং বারইপাড়া এলাকার মৃত কাচু শেখের ছেলে মো. শহিদুল ইসলাম (৫৬)। মোবাইল কোর্টে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের মধ্যে একজনকে চার মাস এবং অপর দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। Post navigation নওগাঁ জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে আন্তজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫টি চোরাই গরু পুঠিয়ায় গভীর রাতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, ৪ এস্কেভেটর অকেজো,দুর্বৃত্তরা পালিয়ে গেলেও অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের