পুঠিয়ায় গভীর রাতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, ৪ এস্কেভেটর অকেজো,দুর্বৃত্তরা পালিয়ে গেলেও অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের

মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া ও নান্দিপাড়া এলাকায় আবাদযোগ্য কৃষিজমির টপসয়েল কাটা প্রতিরোধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এস্কেভেটর (খননযন্ত্র) যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাত ১০টা ৩০ মিনিট থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবুদাস।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানের সময় প্রবল বৃষ্টি ও দুর্গম এলাকার কারণে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে থাকা চারটি এস্কেভেটর জব্দসদৃশ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয় এবং কৃষিজমির টপসয়েল কাটা বন্ধ করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) শিবুদাস বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আবাদযোগ্য কৃষিজমির টপসয়েল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো জমির শ্রেণি পরিবর্তনেরও সুযোগ নেই। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং কৃষিজমি সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

স্থানীয় প্রশাসনের দাবি, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *