নওগাঁয় পুলিশের অভিযানে অনলাইন জুয়ার অভিযোগে ৬ জন আটক, জব্দ ৭ স্মার্টফোন 👨💼মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী নওগাঁ শহরে অনলাইন জুয়া খেলা ও পরিচালনার অভিযোগে ছয়জনকে আটক করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে শহরের খাস নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ। পুলিশের দাবি, জব্দ করা স্মার্টফোনগুলোতে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ এবং ই-মানি লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করার জন্য থানায় এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নওগাঁ সদর মডেল থানার একটি দল বিশেষ অভিযান, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্বে ছিল। রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খাস নওগাঁ এলাকার একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে অবৈধভাবে অর্থ লেনদেন করে অনলাইন জুয়া খেলছেন ও পরিচালনা করছেন। পরে রাত ১২টা ৫ মিনিটের দিকে সদর মডেল থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করা হয়। এ সময় আরও পাঁচ থেকে সাতজন পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—বদলগাছী উপজেলার চকবোয়ালি গ্রামের মোস্তাফা শাহরিয়ার (২৭), নওগাঁ শহরের ইঁদুরবটতলী এলাকার হাকিম আল কবির (৩৭), বদলগাছীর চকবোয়ালি গ্রামের আল শাহরিয়ার তমাল (১৮), শহরের খাস নওগাঁ এলাকার সায়েম বাবু (১৮), বদলগাছীর কেশাইল গ্রামের আরমান হোসেন (১৮) এবং নওগাঁ শহরের খাস নওগাঁ ঈদগাহ মাঠ এলাকার মাসুদ রানা (৪০)। পুলিশের এজাহার অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছ থেকে গুগল পিক্সেল ৭, আইফোন ১৩, রিয়েলমি সি৫৫, স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও রিয়েলমি নোট ৬০সহ মোট সাতটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এসব ফোনে WINBD, KG999, BD89, CK444, 54BD ও CK44-এর মতো অনলাইন ক্যাসিনো বা জুয়ার অ্যাপ এবং Binance ও CHIME-এর মাধ্যমে ই-মানি লেনদেনের আলামত পাওয়ার দাবি করেছে পুলিশ। এজাহারে অভিযোগ করা হয়েছে, আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে মোবাইল ফোন ও ই-মানি লেনদেনের মাধ্যমে অনলাইন জুয়া খেলা ও পরিচালনা করতেন। পাশাপাশি বিভিন্ন বয়সী তরুণ ও সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্রতি প্রলুব্ধ করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০/২২(২)/২৪(২)/২৭(২) ধারায় মামলা করার জন্য এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযানে পালিয়ে যাওয়া ও অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। জব্দ করা স্মার্টফোন ও অন্যান্য আলামত তদন্তে পরীক্ষা করা হবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অনলাইন জুয়া, অবৈধ ই-মানি লেনদেনসহ সাইবার অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।# Dbbd M – 9.9.2026 Post navigation পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রামে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণ, রাজশাহীর সেনাসদস্য রিফাত নিহত