চট্টগ্রামে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণ, রাজশাহীর সেনাসদস্য রিফাত নিহত

👨‍💼মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : 

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ার রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের ঘটনায় তাসনিম রিফাত (২৮) নামে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত রিফাত রাজশাহী মহানগরীর দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামের বাসিন্দা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাটহাজারী ফিল্ড ফায়ার রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এ সময় ট্যাংকের ভেতরে গোলা বিস্ফোরিত হলে সৈনিক (গানার) তাসনিম রিফাত নিহত হন।

রিফাতের মৃত্যুর খবর রাজশাহীর নিজ গ্রামে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয়রা তাঁদের বাড়িতে ভিড় করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাসনিম রিফাতের বাবা মো. আসাদুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। প্রায় তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর মা মারা যান। চার ভাইবোনের মধ্যে রিফাত ছিলেন দ্বিতীয়।

তাসনিম রিফাত বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম সেনানিবাসের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনে দায়িত্ব পালন করছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্বজনরা জানান, রিফাত বিবাহিত ছিলেন। স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে তিনি চট্টগ্রাম সেনানিবাসের সরকারি বাসভবনে বসবাস করতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাত ১০টায় চট্টগ্রাম সেনানিবাসের জসিম হলে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে হেলিকপ্টারে মরদেহ ঢাকায় নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাস থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

এদিকে দায়িত্ব পালনকালে সেনাসদস্য তাসনিম রিফাতের মৃত্যুতে তাঁর নিজ এলাকা বিন্দারামপুরসহ আশপাশের এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্বজন ও স্থানীয়রা নিহত রিফাতের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *