তানোরে মৃত গৃহবধূর চুরি হওয়া কানের দুল উদ্ধার, স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে জব্দ; মালির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক গৃহবধূর কানের সোনার দুল চুরির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে।

হাসপাতালের এক মালির স্বীকারোক্তির ভিত্তিতে গোল্লাপাড়া বাজারের একটি স্বর্ণের দোকান থেকে দুলটি উদ্ধার করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, অভিযুক্ত মালি রায়হান আলী স্থানীয়দের উপস্থিতিতে স্বীকার করেন যে, তিনি মৃত গৃহবধূর কানের দুল খুলে গোল্লাপাড়া বাজারের সন্ধ্যা জুয়েলার্স-এর মালিক বিশ্বনাথ ওরফে বিশুর কাছে বিক্রি করেছিলেন। পরে বিষয়টি জানানো হলে উদ্ধারকৃত দুল হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে মৃতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, দুল উদ্ধারের সময় স্বর্ণ ব্যবসায়ী বিশ্বনাথ ওরফে বিশুর কাছ থেকেই সেটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাজার এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ক্ষুব্ধ কিছু এলাকাবাসী তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মামলা বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে বিশ্বনাথ ওরফে বিশুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের আলোচনা থাকলেও, এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বারনাবাস হাসদাক জানান, উদ্ধার হওয়া কানের দুল মৃত গৃহবধূর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত মালি রায়হান আলীকে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের দাবি, হাসপাতালের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে এমন ঘটনায় জড়িতদের পাশাপাশি চুরি হওয়া মালামাল কেনাবেচার সঙ্গে জড়িতদের ভূমিকাও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *