তানোরে জামায়াতের গণমিছিল ও পথসভা, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবি জানান মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: জুলাই গণঅভ্যুত্থান উদযাপন, জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীর তানোরে গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখা। শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকদের তথ্যমতে, বিকেলে তানোর উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে দলীয় ব্যানার ও বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন নিয়ে গণমিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণহত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলমগীর হোসেন। সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি জেনারেল ডি. এম. আক্কাস আলী। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি ও তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির, তানোর উপজেলা জামায়াতের নায়েবে আমির আনিসুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, রাজশাহী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জুয়েল রানা, তানোর পৌর জামায়াতের আমির মোকসেদ আলী, পৌর সেক্রেটারি জুলেল রানা, তানোর পৌরসভায় জামায়াত-মনোনীত মেয়র প্রার্থী মাহাবুর চৌধুরী, পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা এবং তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আফজাল হোসেন। বক্তারা তাদের বক্তব্যে দেশের মানুষের ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার এবং ভোটের মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবি তুলে ধরেন। এ সময় বক্তারা অতীতে সংঘটিত গণহত্যার ঘটনার বিচার দাবি করে বলেন, সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে গণভোটের রায় বাস্তবায়নেরও দাবি জানান তারা। Post navigation তানোর-গোদাগাড়ীতে অপরাধ দমনে দৃশ্যমান পরিবর্তন;| এএসপি মীর্জা মো. আব্দুস সালামের নেতৃত্বে দুই থানার সমন্বিত অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রেমের ফাঁদে ফেলে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুঠিয়ার আসামি র্যাবের হাতে গ্রেপ্তার