প্রেমের ফাঁদে ফেলে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুঠিয়ার আসামি র্যাবের হাতে গ্রেপ্তার মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি মো. সানাউল্লাহ শাওন (২০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার (১ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৫, রাজশাহীর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার সানাউল্লাহ শাওনের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমারিয়া গ্রামে। তিনি ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী ও মামাতো ভাই। মামলার এজাহার অনুযায়ী, নানার বাড়িতে বসবাসের সুবাদে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে সানাউল্লাহর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার মাস আগে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার বিলমারিয়া গ্রামের একটি আমবাগানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর বিভিন্ন সময় একই স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। সর্বশেষ গত ২৫ জুন রাতেও একইভাবে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গত ৭ জুলাই পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টা ৫০ মিনিটের দিকে মতিহার থানার খড়খড়ি এলাকায় অভিযান চালিয়ে সানাউল্লাহ শাওনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। Post navigation তানোরে জামায়াতের গণমিছিল ও পথসভা, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবি জানান পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম