চারঘাটে ২০০ বোতল ESkuf সিরাপ ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ২০০ বোতল কোডিনযুক্ত ESkuf সিরাপ ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সহযোগী পালিয়ে যায়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে চারঘাট উপজেলার খোর্দ্দগোবিন্দপুর গ্রামের একটি বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চারঘাট উপজেলার খোর্দ্দগোবিন্দপুর গ্রামের মৃত লাবলুর ছেলে মো. পলাশ (২৩) এবং ঝিকরা উত্তরপাড়া গ্রামের জমির মিয়ার ছেলে মো. জনি (২৩)। রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ডিবির এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চারঘাটের পল্লী বিদ্যুৎ মোড় ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খোর্দ্দগোবিন্দপুর গ্রামে পলাশের আধাপাকা টিনশেড বাড়ির উঠানে কয়েকজন মাদক কারবারি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাশ ও জনি একটি রেজিস্ট্রেশনবিহীন নীল রঙের TVS Metro Plus মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ভোর ৫টা ৫০ মিনিটের দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা খাকি রঙের একটি কাগজের কার্টনের ভেতর থেকে কোডিনযুক্ত ২০০ বোতল ESkuf সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। পুলিশ জানায়, অভিযান চলাকালে তাদের আরও দুই সহযোগী—চারঘাটের ঝিকরা জোয়ার্দ্দারপাড়া গ্রামের মো. নকিম উদ্দিনের ছেলে মো. সম্রাট ইসলাম (৩০) এবং খোর্দ্দগোবিন্দপুর গ্রামের মো. আলান মল্লিকের ছেলে মো. তুষার আহমেদ (২৯)—কৌশলে পালিয়ে যায়। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার পলাশ, জনি ও পলাতক সম্রাট ইসলামের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চারঘাট মডেল থানায় মামলা করা হয়েছে। পলাতক দুই সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। Post navigation সিন্ডিকেটের কবজায় সারের বাজার বিপাকে কৃষক তানোরে “কুটুম বাড়ি এগ্রো রিসোর্ট ” ঘুরে দেখলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব