তানোরে “কুটুম বাড়ি এগ্রো রিসোর্ট ” ঘুরে দেখলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নিজস্ব প্রতিবেদক, তানোর: রাজশাহীর তানোরে চুনিয়াপাড়া এলাকায় ১০৫ বিঘা জমির ওপর গড়ে উঠতে যাওয়া “কুটুম বাড়ি এগ্রো রিসোর্ট” পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত। শুক্রবার দুপুরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে প্রকল্প এলাকায় গিয়ে রিসোর্টের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর পরিকল্পনা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজ নেন। পরিদর্শনকালে যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত বলেন, কৃষিভিত্তিক প্রকল্প গড়ে তুলতে উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে। গ্রামীণ জনপদের প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র গড়ে তুলতে পারলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতি ও এলাকার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, প্রকৃতি ও কৃষিকে অগ্রাধিকার দিয়ে ‘কুটুম বাড়ি এগ্রো রিসোর্ট’ গড়ে তোলার পরিকল্পনা প্রশংসনীয়। মাটির ঘরের বারান্দায় বসে বিস্তীর্ণ মাঠের দৃশ্য উপভোগ করা কিংবা নিরিবিলি পরিবেশে সময় কাটানোর সুযোগ এ উদ্যোগকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। কৃষি ও পর্যটনের সমন্বয়ে এখানে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি প্রকল্পটির সফলতা কামনা করেন। পরিদর্শনকালে কুটুম বাড়ি এগ্রো রিসোর্টের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান শামিম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মিঠুন কুমার, অর্থবিষয়ক পরিচালক সেলিম উদ্দিন, প্রধান ডিজাইনার মামুন সারোয়ার, পরিচালক শামসুজ্জামান ডালিম, সহকারী পরিচালক আশরাফুল ইসলাম রঞ্জু, মিডিয়া ব্যক্তিত্ব ডিএম সাকলায়েন এবং তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু উপস্থিত ছিলেন। রাজশাহী শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়া গ্রামে বরেন্দ্রভূমির উঁচু-নিচু জমি, লালচে মাটি ও গ্রামীণ প্রকৃতির বৈচিত্র্যকে ঘিরে গড়ে উঠছে ‘কুটুম বাড়ি এগ্রো রিসোর্ট’। উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, এখানে কৃষি, প্রকৃতি, গ্রামীণ জীবন ও অবকাশযাপনের সমন্বয়ে একটি ভিন্নধর্মী পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর পাশাপাশি দর্শনার্থীরা গ্রামীণ পরিবেশ ও কৃষিভিত্তিক জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্তোরাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘কুটুম বাড়ি এগ্রো রিসোর্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্যোক্তাদের প্রত্যাশা, পরিকল্পিতভাবে প্রকল্পটি বাস্তবায়ন হলে তানোরসহ বরেন্দ্র অঞ্চলে কৃষিভিত্তিক পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হবে। Post navigation চারঘাটে ২০০ বোতল ESkuf সিরাপ ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গণধ্বনি প্রতিদিন’ এর সম্পাদক ইয়াকুব শিকদারের শ্বশুরের ইন্তেকাল, দেশবার্তা বিডি২৪.কম পরিবারের শোক