আরআরএফ রাজশাহীতে ডিআইজি আশিক সাঈদের বিশেষ কল্যাণ সভা, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে বাহিনীর সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের মনোবল অটুট রাখা পুলিশ প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী পুলিশ লাইন্সে অবস্থিত রাজশাহী রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) হলরুমে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ডিআইজি মো. আশিক সাঈদ কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, সততা, মানবিকতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন আরআরএফ, রাজশাহীর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট)। এ ছাড়া আরআরএফ, রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় বাহিনীর সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, মনোবল বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। Post navigation তানোরে ৩০ বছর ধরে জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা মোদির আমন্ত্রণে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান