তানোরে ৩০ বছর ধরে জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বিশেষ প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহীর তানোর উপজেলার ৬ নম্বর কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে কয়েকটি পরিবারের জমি জোরপূর্বক দখল, মিথ্যা মামলায় হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চলমান এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন পরিবারের জমি দখলের চেষ্টা, প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে একাধিক পরিবার দীর্ঘদিন ধরে আর্থিক, সামাজিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছে বলে তারা দাবি করেন।

অভিযোগ রয়েছে, এসব অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্থানীয় সাংবাদিক রাজু আহমেদকেও বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

ভুক্তভোগীদের মধ্যে আমেনা বিবি, মোমেনা বিবিসহ সাতটি পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করা হয়েছে। জমি ফেরত চাইলে তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করা হয়। বছরের পর বছর থানা ও আদালতে ঘুরতে গিয়ে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চরম মানসিক ভোগান্তির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত দুর্বৃত্তরা প্রভাবশালী হওয়ায় অনেকেই ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। প্রতিবাদ করলেই মামলা, হুমকি কিংবা বিভিন্ন ধরনের হয়রানির আশঙ্কায় সাধারণ মানুষ নীরব থাকতে বাধ্য হচ্ছেন বলে তারা দাবি করেন।

এ ঘটনায় মালশিরা গ্রামের বাসিন্দারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, দখলকৃত জমি উদ্ধার, মিথ্যা মামলার বিষয়গুলো আইনগতভাবে পর্যালোচনা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “এ ধরনের কোনো লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দীর্ঘদিনের এ বিরোধের সুষ্ঠু সমাধান করবে এবং প্রকৃত ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *