প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বিশেষ প্রতিনিধি :

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে দুই মোটরসাইকেল আরোহী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে কয়েক মিনিট অবস্থান করে। এ সময় তারা আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান সাংবাদিকদের জানান, দুই মোটরসাইকেল আরোহী রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। পরে তারা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। তারা আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে গেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *