মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

 

বুধবার সকালে কোর্ট একাডেমি মাঠে গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

এ উপলক্ষে কোর্ট একাডেমির হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন নগরব্যাপী ২ লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এ কার্যক্রমে অংশগ্রহণ করছে।

রাসিক প্রশাসক আরও বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি পরিবেশ ও মানবতার প্রতি আমাদের দায়িত্ব। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।”

তিনি নগরবাসীর প্রতি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, একটি সবুজ, স্বাস্থ্যকর ও টেকসই নগর গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

রাজশাহী কোর্ট একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

এ সময় উপস্থিত ছিলেন কোর্ট একাডেমির সিনিয়র শিক্ষক গোলাম মত্তুর্জা মিল্টন, মাহবুবুল ইকরাম ফারুক, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদ, রাজপাড়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা অজিফা ইয়াসমিন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব মজিউল আহসান হিমেল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোনায়েম, হাফিজুল ইসলাম আপেল, মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান জামান শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে কোর্ট একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, সরকারের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

 

🌏সব খবর সবার আগে পেতে দেশবার্তা বিডি ২৪.কম-এর সঙ্গেই থাকুন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *