গৌরনদীর বার্থীতে চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ সাহাবুব হাসানের গণসংযোগ 👨💼মাসুদ সরদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার ২ নম্বর বার্থী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ সাহাবুব হাসান। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কটকস্টল বাসস্ট্যান্ড, মইস্তারকান্দি, বাউরগাতি জুনিয়র স্কুল ও তারাকুপি এলাকায় তিনি ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। শরীফ সাহাবুব হাসান গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং টরকী বন্দর বণিক সমিতির সভাপতি। গণসংযোগকালে তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা তার সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের দাবি, কর্মসূচিতে প্রায় এক হাজার মানুষ অংশ নেন। তবে এ উপস্থিতির সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, শরীফ সাহাবুব হাসান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়েছেন বলেও তারা দাবি করেন। তাদের ভাষ্য, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। গণসংযোগকালে শরীফ সাহাবুব হাসান বলেন, “এলাকার মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই। বার্থী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।” এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। Post navigation কালাইয়ে রেনেসাঁ ২৪ ফাউন্ডেশনের তালবীজ রোপণ ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থী হাফিজ উদ্দিন বাহারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়