মোহনপুরে পরিত্যক্ত মসজিদ থেকে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব-৫

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :

রাজশাহীর মোহনপুরে পরিত্যক্ত একটি ভাঙা মসজিদ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

র‍্যাব-৫-এর সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা ৫ মিনিটের দিকে রাজশাহী জেলার মোহনপুর থানার কৃষ্ণপুর গ্রামের বান্দাপুকুর তিন রাস্তার মোড়ের পশ্চিমে একটি পরিত্যক্ত ভাঙা মসজিদে দেশীয় অস্ত্র থাকার খবর পায় র‍্যাব।

পরে সিপিএসসি, র‍্যাব-৫-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত মসজিদের দক্ষিণ কোণ থেকে মুখ বাঁধা অবস্থায় একটি সাদা বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক পাওয়া যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক অস্ত্রটি জব্দ করা হয়। উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৫ জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *