​কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

 ​রেজুওয়ানুল হক জয়পুরহাট জেলা প্রতিনিধি:

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একযোগে কর্মসূচির শুভ উদ্বোধনের পর তারই ধারাবাহিকতায় জয়পুরহাটের কালাইয়ে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​১২ সেপ্টেম্বর (শনিবার) সকালে কালাই উপজেলা প্রশাসন ও কালাই পৌরসভার যৌথ উদ্যোগে কালাই উপজেলা চত্বরে এ উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক অভিযানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ, থানা ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জনাব হারুনুর রশিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ প্রধানমন্ত্রীর এই রূপকল্প বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই মূল চাবিকাঠি।”

​তিনি আরও নির্দেশ দেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নেতৃত্বে প্রতি সপ্তাহে একদিন (শনিবার) নিজ নিজ প্রতিষ্ঠানে বিশেষ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে। একইসাথে সরকারি অফিসসমূহের ভেতরে বা চারপাশে ফুলের টব, ডাবের খোসা ও পরিত্যক্ত পাত্রে যেন কোনোভাবেই পানি জমে না থাকে, সে বিষয়ে দপ্তর প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দেন।

​ইউএনও ফয়সাল আহমেদ সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করে বলেন, এডিস মশা নিধন ও ডেঙ্গু মোকাবিলায় যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

​আলোচনা ও উদ্বোধনী পর্ব শেষে উপজেলা চত্বর এবং পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে মশক নিধনের ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

 

 

১২.৯.২৬

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *