বাঘায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

 

সাজু আহমেদ রাজশাহী :

রাজশাহীর বাঘায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান ও দীর্ঘদিনের পলাতক আসামি রাসেল মিয়া (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাকিপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল মিয়া বাঘা উপজেলার চাকিপাড়া গ্রামের আনসার আলীর ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলাসহ বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট আটটি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন সন্ধ্যায় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ সরকারপাড়া এলাকায় রাসেল মিয়াসহ কয়েকজন সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা নৈরাজ্য সৃষ্টি, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর লক্ষ্যে ষড়যন্ত্র, প্রচেষ্টা ও প্ররোচনামূলক কর্মকাণ্ড চালিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বাউসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাদী হয়ে বাঘা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলার পর থেকে রাসেল মিয়া ঢাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ‘মামলা দায়েরের পর থেকেই রাসেল মিয়া আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে বুধবার চাকিপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’

পুলিশ জানায়, রাসেল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া আরও সাতটি মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে বাঘা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *