র্যাব-৫ এর অভিযানে নাটোরে ১০৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 👨💼 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : নাটোরে অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বড়গাছা বড়মোড় থেকে ছোটমোড়গামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলীপুর মহিষালবাড়ী এলাকার মো. আকতার হোসেনের ছেলে মো. শাকিবুর রহমান ওরফে শাকিব (৩৮) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর জোড়পুকুরিয়া এলাকার বদিউজ্জামান আকন্দের ছেলে মো. মিন্টু আকন্দ (৪৩)। র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানাধীন দক্ষিণ বড়গাছা বড়মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় আসাদ কম্পিউটার নামের একটি দোকানের সামনে থেকে শাকিবুর রহমান ওরফে শাকিব এবং মিন্টু আকন্দকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে শাকিব তার পায়ুপথে বিশেষ কৌশলে মাদক বহনের কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিশেষ প্রক্রিয়ায় তার পায়ুপথ থেকে বের করে আনলে একটি প্যাকেটের ভেতর থেকে ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিব আরও জানান, রনি নামের এক মাদক কারবারির কাছ থেকে হেরোইন সংগ্রহ করে পায়ুপথে বিশেষ কৌশলে বহন করে মিন্টু আকন্দের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। র্যাব-৫ বলছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। র্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস, অস্ত্র ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। Post navigation র্যাব-৫, এবং র্যাব-৩-এর যৌথ অভিযানে রাজধানীতে ১৪ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, ৬৩ মামলা