নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান যাত্রী নিহত, আহত ২

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

নাটোরের লালপুর উপজেলায় ভোররাতে অ্যাম্বুলেন্স ও অটোভ্যানের সংঘর্ষের পর আরেকটি স্যালো ইঞ্জিনচালিত যানবাহনের ধাক্কায় এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লালপুর থেকে কয়েকজন শ্রমিক অটোভ্যানে করে কাজের উদ্দেশ্যে ঈশ্বরদীর জয়নগর এলাকায় যাচ্ছিলেন। পথে নবীনগর গ্রামের একটি মুরগির দোকানের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানে থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।

এ সময় লালপুরগামী একটি স্যালো ইঞ্জিনচালিত যান (স্থানীয়ভাবে পরিচিত ‘কৃষ্ণা গাড়ি’) সড়কে পড়ে থাকা ইয়ারুল ইসলাম (৩৪)-কে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইয়ারুল ইসলাম লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মৃত নজিম মণ্ডলের ছেলে।

দুর্ঘটনায় আহত সাজদার আলী (৪৫) ও সাইদুল ইসলাম বাবু (৩৫)-কে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়ারুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনায় জড়িত অটোভ্যান, অ্যাম্বুলেন্স এবং স্যালো ইঞ্জিনচালিত যানটি জব্দ করেছে পুলিশ।

লালপুর থানা পুলিশ জানায়, নিহতের স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা না করার বিষয়ে লিখিত আবেদন দেওয়ায় এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের ইচ্ছা প্রকাশ করায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটির সার্বিক বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *