পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম

 মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও পুঠিয়া পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ বিষয়ে সাধারণ মানুষের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজেদের বাড়ি, আঙিনা, ছাদ ও আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে অপ্রয়োজনীয়ভাবে পানি জমে না থাকে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, পুঠিয়া পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

পরে জেলা প্রশাসক উপস্থিত সবার অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। অভিযানের আওতায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস এবং পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে রাজশাহীর বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *