মোদির আমন্ত্রণে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ প্রতিনিধি,ঢাকা : আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের সরকারের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করেছে এবং পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রমের জন্য তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ভারত এবার ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্রিকস বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক ও কৌশলগত জোট। এর সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এছাড়া বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ভিয়েতনাম ব্রিকসের অংশীদার দেশ হিসেবে যুক্ত রয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং দক্ষিণ–দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের অংশগ্রহণ চূড়ান্ত হলে এসব বিষয়েও দেশটির অবস্থান তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। Post navigation আরআরএফ রাজশাহীতে ডিআইজি আশিক সাঈদের বিশেষ কল্যাণ সভা, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ পুলিশ সংস্কার ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে রাজশাহী রেঞ্জ ডিআইজি–ব্রিটিশ হাই কমিশনের বৈঠক