তানোরে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা ঘিরে মিশ্র প্রতিক্রিয়া, আমন্ত্রণ নিয়ে প্রশ্ন

 

 বিশেষ প্রতিনিধি :

 

রাজশাহীর তানোরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভা ঘিরে স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে অনুষ্ঠানে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের উপস্থিতি ও আমন্ত্রণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন কয়েকজন ছাত্রদল নেতা, যা নিয়ে উপজেলাজুড়ে আলোচনা শুরু হয়েছে।

 

রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও তানোর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন তাঁর ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া, আহত হওয়া কিংবা সে সময় আত্মগোপনে থাকতে বাধ্য হওয়া অনেককেই অনুষ্ঠানে দেখা যায়নি। তাঁর ভাষ্য, আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন—এমন ব্যক্তিদের অনুষ্ঠানের সামনের সারিতে রাখা হয়েছে।

 

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই অনুষ্ঠান আয়োজনের ধরন নিয়ে প্রশ্ন তোলেন। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

মোতালেব হোসেন বলেন, জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়নের পরিবর্তে লোকদেখানো আয়োজন করা হয়েছে বলে তাঁর মনে হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একই ধরনের অভিযোগ করেন তানোর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম। তিনি বলেন, “বিগত ১৭ বছর মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। অথচ জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। কাদের নিয়ে এই আয়োজন করা হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।”

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তানোর উপজেলা প্রশাসনিক হলরুমে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন সভা পরিচালনা করেন।

 

সভায় বক্তব্য দেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন, সিনিয়র নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, সেক্রেটারি ডি এম আক্কাস আলী, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, তানোর পৌর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল ইসলাম এবং ছাত্র প্রতিনিধি রায়হান ও মামুন।

 

বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাঁদের ত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

এদিকে অনুষ্ঠান ঘিরে ওঠা অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সমালোচনার বিষয়ে উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *