জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত: রাজশাহীতে শহিদদের প্রতি জেলা প্রশাসনের শ্রদ্ধা, গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

 

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করেছে জেলা প্রশাসন, রাজশাহী।

 গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

সভায় বক্তারা মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে জুলাই শহিদদের আদর্শ এবং আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় সকলকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম বলেন, “জুলাই শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শহিদদের আত্মদানকে অর্থবহ করতে হলে ন্যায়, সততা, মানবিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “মহান জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহিদদের স্বপ্ন বাস্তবায়নে সুশাসন, জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের গৌরবময় ধারাবাহিকতায় জুলাইয়ের এই আত্মত্যাগ আমাদের ভবিষ্যৎ পথচলার প্রেরণা হয়ে থাকবে।”

আলোচনা সভায় রাজশাহী জেলার জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মাধ্যমে মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *