ক্লুলেস হত্যা ও ডাকাতি মামলার রহস্য উদঘাটনে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা ডিবি ও জেলা ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিবকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক,রাজশাহী :

নওগাঁ জেলায় একের পর এক ক্লুলেস হত্যা ও ডাকাতি মামলার রহস্য উদঘাটন, সফল অভিযান পরিচালনা এবং দুর্ধর্ষ আসামিদের গ্রেপ্তারে অসাধারণ পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রযুক্তিনির্ভর তদন্ত পরিচালনা করে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের মূল আসামিকে রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

সম্প্রতি জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার ডিবি টিমের সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা গোয়েন্দা শাখার সাহসী, পেশাদার ও নিরলস কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা একাধিক জটিল ও ক্লুলেস হত্যা, ডাকাতি এবং সংঘবদ্ধ অপরাধের মামলার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, তথ্য-উপাত্ত বিশ্লেষণ, গোয়েন্দা নজরদারি এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে ডিবি পুলিশ একের পর এক চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।

বিশেষ করে ওসি মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে হত্যা ও ডাকাতি মামলার গুরুত্বপূর্ণ আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এসব অভিযানের ফলে অপরাধ দমনে নতুন গতি এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পুলিশ সূত্র জানায়, অপরাধ সংঘটনের পর দ্রুত তথ্য সংগ্রহ, প্রযুক্তিনির্ভর তদন্ত এবং নিরলস অনুসন্ধানের মাধ্যমে ডিবি টিম ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করছে। জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত জটিল অপরাধের রহস্য উদঘাটনে ডিবি পুলিশের কার্যক্রম ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

দায়িত্ব পালনের ক্ষেত্রে ওসি হাসিবুল্লাহ হাসিবের সততা, সাহসিকতা, মানবিক আচরণ এবং পেশাদার নেতৃত্ব সহকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তার দৃঢ় ভূমিকা তাকে একজন দক্ষ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

সম্মাননা প্রদানকালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় জেলা গোয়েন্দা শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে ডিবি পুলিশের আন্তরিকতা ও পেশাদারিত্ব প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য তিনি ডিবি টিমকে উৎসাহিত করেন।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ডিবির ওসি মো. হাসিবুল্লাহ হাসিব বলেন, “এই সম্মাননা শুধু আমার একার নয়, পুরো জেলা গোয়েন্দা শাখার প্রতিটি সদস্যের। আমাদের টিমের প্রত্যেকেই নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন বলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করে। আমরা ভবিষ্যতেও নওগাঁবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব, ইনশা আল্লাহ।”

জেলা গোয়েন্দা শাখার এই সাফল্য নওগাঁ জেলা পুলিশের অপরাধ দমন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় ডিবি পুলিশের পেশাদার কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *