নওগাঁয় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, চার জুয়ারু গ্রেপ্তার; কম্পিউটার-মোবাইল জব্দ

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

নওগাঁ সদর মডেল থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে অনলাইন জুয়ার আস্তানা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত কম্পিউটার, মনিটর, সিপিইউ ও মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানার পার নওগাঁ সর্দারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অনলাইন জুয়ার ডিলার হিসেবে পরিচিত আবু সাঈদ মোল্লা ওরফে রাজন (৩১) এবং তার সহযোগী নাহিদ হাসান (৩০), মশিউর রহমান (৩১) ও আরিফ হোসেন (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ২টি কম্পিউটার মনিটর, ২টি সিপিইউ, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্তরা ওই এলাকায় একটি ছোট পরিসরের অনলাইন জুয়ার সেন্টার পরিচালনা করছিল। বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণরা সেখানে এসে অনলাইন জুয়ায় অংশ নিত। এছাড়া গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন কৌশলে মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করতেন বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে অনলাইন জুয়ার বিস্তার রোধে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *