বিএনপির বিরুদ্ধে মাদক ব্যবসার লাভের ভাগ নেওয়ার অভিযোগ সারজিস আলমের মোহাম্মদ আফজাল ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের নেতারা বাইরে মাদকের বিরুদ্ধে কথা বলেন, আর রাতে মাদক ব্যবসার লাভের অংশ থেকে টাকা নেন। এভাবে তারা তরুণ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে ইনসাফ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কাজ করে যাব। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নওগাঁর ধামইরহাট উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে জয়পুরহাট নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলা এনসিপির আয়োজনে অনুষ্ঠিত দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে ধামইরহাট বাজারের নিমতলী মোড় থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমাইতাড়া বাজারে গিয়ে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ইনকিলাব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সারজিস আলম আরও বলেন, বিএনপির নেতারা শিক্ষার উন্নয়নের কথা বললেও বিভিন্ন বিদ্যালয়ে দলীয় অযোগ্য ব্যক্তিদের সভাপতি করতে নানা অনিয়ম করেন। এর ফলে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অসুস্থ রাজনৈতিক চর্চার কারণে আমরা তাদের রাজনীতি অনুসরণ করতে পারি না। আলমগীর হোসেন আরাফের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় জেলা এনসিপির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীকে ধামইরহাট পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সারজিস আলম বলেন, জুলাইয়ের আদর্শ এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। আগামী নির্বাচনে ঘুষ, দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করতে হবে। তাহলেই মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব হবে। তিনি আরও বলেন, যোগ্য ব্যক্তিকে আপনাদের মাঝে রেখে গেলাম। আগামী পৌরসভা নির্বাচনে তাঁকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সহযোগিতা করবেন। পথসভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, উপজেলা এনসিপির আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। Post navigation নওগাঁয় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, চার জুয়ারু গ্রেপ্তার; কম্পিউটার-মোবাইল জব্দ ফেসবুক ও ইমোতে ফাঁদ, নগ্ন ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ; নওগাঁয় দুই তরুণীসহ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার