পুলিশ সুপারের নির্দেশনায় ৭২ ঘণ্টার মধ্যে নারী হত্যা মামলার রহস্য উদঘাটন, ডিবির অভিযানে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার মূল আসামি

মমিনুল ইসলাম মন নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর বদলগাছি উপজেলার পারআধাইপুর গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর নারী হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে নওগাঁ জেলা পুলিশ। পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রযুক্তিনির্ভর তদন্ত পরিচালনা করে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের মূল আসামিকে রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে বদলগাছি উপজেলার পারআধাইপুর গ্রামের বুড়াকালী মন্দির সংলগ্ন এলাকায় গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম অবস্থায় এক নারীকে উদ্ধার করে বদলগাছি থানা পুলিশ। পরে তাকে প্রথমে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হলে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।

নিহত নারী তহমিনা ওরফে রেবা (স্বামী: শফিকুল ইসলাম), নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের বাসিন্দা।

ঘটনার পরপরই নওগাঁর পুলিশ সুপার মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশনা দেন। একই সঙ্গে জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) বিশেষ অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ, সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামিকে শনাক্ত করে।

পরবর্তীতে গাজীপুর ও ঢাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে গত ১১ জুলাই বিকেলে ঢাকা মহানগরের শাহ আলী থানার মিরপুর এলাকা থেকে মূল আসামি সৌখিন (২৫), পিতা- মোনায়েম, গ্রাম- মদনচক, থানা- মান্দা, জেলা- নওগাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ সুপারের কার্যালয়ে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি তহমিনা ওরফে রেবাকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেন।

পরে আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের নেতৃত্বে প্রযুক্তিনির্ভর তদন্ত, পেশাদারিত্ব ও সমন্বিত অভিযানের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং মূল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশের এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *