আম চুরির বিরোধে হত্যা: মোহনপুরের আলোচিত রাজ্জাক হত্যা মামলার দুই প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলায় আম চুরিকে কেন্দ্র করে সংঘটিত আলোচিত আব্দুর রাজ্জাক হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামিকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া দুজনই মামলার প্রধান আসামি বলে জানিয়েছে বাহিনী।

রোববার (১২ জুলাই) র‌্যাব-৫, রাজশাহী অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ২৭ জুন সন্ধ্যায় মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামে আম চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় একদল ব্যক্তি ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের পথরোধ করে বাঁশের লাঠি ও ইট দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওদাপাড়া ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর নিহতের ছেলে মো. রাজু বাদী হয়ে মোহনপুর থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩৪১/৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

র‌্যাব জানায়, মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র‌্যাব-৫। এরই অংশ হিসেবে র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানি এবং র‌্যাব-২ সিপিসি-৩, বসিলা, মোহাম্মদপুরের একটি যৌথ দল শনিবার (১১ জুলাই) রাতে ঢাকার আদাবর থানার পৃথক দুটি স্থানে অভিযান চালায়।

অভিযানে হরিহরপাড়া গ্রামের বাসিন্দা ও মামলার ২ নম্বর আসামি শাহিনুর রহমান ওরফে বুলবুল (৩০) এবং ১ নম্বর আসামি মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুই আসামি হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর মোহনপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *