রেলওয়ে পুলিশ কর্তৃক ভারতীয় সিরাপসহ আটক ব্যক্তি।

রাজশাহী জেলা প্রতিনিধি :

রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকজাতীয় সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল কোডিনযুক্ত সিরাপ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের দিকনির্দেশনা এবং রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি চৌকস পুলিশ দল গত শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের আউটার সিগন্যাল অতিক্রমকালে ‘গ’ বগির এসি বার্থের ১৬ নম্বর সিটের নিচে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে রাখা কার্টন থেকে ৩০ বোতল ‘Eskuf’ ব্র্যান্ডের সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে কোডিন ফসফেট (Codeine Phosphate) ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড (Triprolidine Hydrochloride) সমৃদ্ধ তরল ছিল। উদ্ধারকৃত সিরাপগুলো ভারতে উৎপাদিত এবং বাংলাদেশে আমদানি নিষিদ্ধ।

এ ঘটনায় আটক ব্যক্তি মো. রবিউল ইসলাম (৬০)। তিনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলীমগঞ্জ গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।

পরে উদ্ধারকৃত আলামত জব্দ করে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নং-৩, তারিখ ১৩ জুন ২০২৬। আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপডেট খবর পেতে “দেশবার্তা বিডি ২৪. কম” এর সাথেই থাকুন

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *