গোদাগাড়ীতে চাঁদা দাবির অভিযোগে ভাইরাল অডিও, তদন্তের দাবি নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে ট্রাক্টর ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া অডিওটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে অডিওতে একজন ব্যক্তি নিজেকে প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে ট্রাক্টর মালিক কামরুজ্জামানের কাছে প্রতি রাতে ৫ হাজার টাকা করে চাঁদা দাবি করছেন বলে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে চাঁদা না দিলে এলাকায় ট্রাক্টর পরিচালনায় বাধার ইঙ্গিতও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগের তীর গোদাগাড়ী উপজেলার আতাহার গ্রামের মোজাম্মেলের ছেলে মুরসালিন ইসলাম মুসার দিকে। যদিও এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। 🌎Visit to get the latest news http://www.deshbartabd24.com ভুক্তভোগী ট্রাক্টর মালিক কামরুজ্জামান দাবি করেন, চাঁদার দাবির কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, “আমি আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমার ব্যবসা ও ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে বিষয়টি প্রশাসনের নজরে এনেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।” ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এ ধরনের অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত না হলে ব্যবসায়ীরা আরও হয়রানির শিকার হতে পারেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ভাইরাল অডিওটির সত্যতা যাচাই করে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। Post navigation বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত তানোরে ডাক বিভাগের কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপি