মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার দেশবার্তা বিডি ২৪: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টায় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান তানোর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে উপজেলার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বন কর্মকর্তা সারওয়ার জাহান, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিবর্গ। পরে দুপুর ১টার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দীন বাবু। এছাড়াও উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান নিজ নিজ এলাকায় রাস্তার পাশ, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও বিভিন্ন সরকারি স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, “বৃক্ষই পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি মাটি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। সরকারের এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।” উপজেলা বন কর্মকর্তা সারওয়ার জাহান বলেন, “বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও জনসাধারণের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো সম্ভব হবে।” স্থানীয় শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান পরিস্থিতিতে ব্যাপক বৃক্ষরোপণ সময়োপযোগী পদক্ষেপ। এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকলে তানোর উপজেলায় সবুজায়ন বৃদ্ধি পাবে এবং পরিবেশ আরও বাসযোগ্য হয়ে উঠবে। উল্লেখ্য, সরকারের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় তানোর উপজেলাতেও বিভিন্ন পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। Post navigation আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও নগদ টাকা র্যাব-৫-এর অভিযানে দুর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার