জনবান্ধব পুলিশিং জোরদারে নির্দেশনা, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর হতে বললেন রাজশাহীর পুলিশ সুপার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী জেলায় জনবান্ধব পুলিশিং আরও কার্যকর করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সকাল সাড়ে ৭টায় মাস্টার প্যারেড, সাড়ে ৯টায় মাসিক কল্যাণ সভা এবং বেলা ১১টায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেড ও কল্যাণ সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণ, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের আবেদন-অনুরোধ শুনে সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ মানুষ যাতে দ্রুত ও কাঙ্ক্ষিত পুলিশি সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন পুলিশ সুপার। পাশাপাশি চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা বাড়ানো, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত কার্যকর করা এবং প্রতিটি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভার শেষে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে জেলা পুলিশের সব সদস্যকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

 

http://www.deshbartabd24.com

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *