ফিফা বিশ্বকাপ ২০২৬।। মেসিদের মহাকাব্যিক কামব্যাক, বিদায় এড়িয়েই শেষ আটে,১৩ মিনিটে তিন গোল, ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা দেশবার্তা বিডি ২৪. কম স্পোর্টস ডেস্ক: ৭০ মিনিট পর্যন্ত ম্যাচের চিত্র দেখে মনে হচ্ছিল, বিশ্বকাপ থেকে বিদায় নিতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থাকা লিওনেল স্কালোনির দল শেষ পর্যন্ত দেখাল দুর্দান্ত লড়াইয়ের মানসিকতা। শেষ ১৩ মিনিটে তিন গোল করে ৩-২ ব্যবধানে জিতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে মিশর। ১৫ মিনিটে কর্নার থেকে ইয়াসের ইব্রাহিমের হেডে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা। চার মিনিট পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু লিওনেল মেসির নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শৌবির। প্রথমার্ধে সমতায় ফিরতে না পারা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে আরও চাপে পড়ে। ৬৭ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে মোস্তফা জিকোর গোলে ব্যবধান ২-০ হলে বড় অঘটনের আশঙ্কা তৈরি হয়। তবে সেখান থেকেই বদলে যায় ম্যাচের চিত্র। ৭৯ মিনিটে মেসির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান ক্রিস্টিয়ান রোমেরো। চার মিনিট পর হুলিয়ান আলভারেজের পাস থেকে দারুণ ভলিতে গোল করে সমতা ফেরান মেসি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসে ম্যাচের নিষ্পত্তি। লাউতারো মার্টিনেজের নিখুঁত ক্রসে হেড করে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ। তাতেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ গোলটি ঘিরে বিতর্কেরও জন্ম হয়। বিল্ড-আপে ফাউলের অভিযোগ তুলে ভিএআর পর্যালোচনার দাবি জানায় মিশরের খেলোয়াড়রা। তবে রেফারি গোলের সিদ্ধান্ত বহাল রাখেন। প্রতিবাদের সময় মিশরের কোচিং স্টাফের এক সদস্য লাল কার্ড এবং গোলরক্ষক মোস্তফা শৌবির হলুদ কার্ড দেখেন। এই জয়ের মাধ্যমে শুধু শেষ আটে ওঠাই নয়, বিশ্বকাপের ইতিহাসেও নতুন এক কীর্তি গড়েছে আর্জেন্টিনা। এর আগে বিশ্বকাপে ২-০ গোলে পিছিয়ে পড়া ১৩টি ম্যাচের সবকটিতেই হারতে হয়েছিল দলটিকে। এবার সেই ইতিহাস বদলে দিয়ে স্মরণীয় এক প্রত্যাবর্তনের গল্প লিখল বিশ্বচ্যাম্পিয়নরা। http://www.deshbartabd24.com Post navigation ফিফা বিশ্বকাপ ২০২৬।। হালান্ডের জোড়া আঘাতে ব্রাজিল বিদায়, ইউরোপের কাছে টানা ষষ্ঠ বিশ্বকাপ-হতাশা খামেনির শেষ বিদায়ে ৪ কোটি ৩০ লাখের বেশি মানুষের অংশগ্রহণের দাবি