শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

দেশবার্তা ২৪. কম বিডি স্পোর্টস ডেস্ক:

শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর জাদুকরী গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম শেষ চারে উঠল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।

শুক্রবার (১১ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। তবে বেলজিয়ামের সুসংগঠিত রক্ষণ ভাঙতে অপেক্ষা করতে হয় ৩০ মিনিট পর্যন্ত।

লামিন ইয়ামালের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর পেদ্রো পোরোর নিচু ক্রস থেকে দানি ওলমোর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। কিন্তু ফিরতি বলে ফাবিয়ান রুইজ গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

প্রথমার্ধের শেষদিকে ম্যাচে সমতা ফেরায় বেলজিয়াম। ৪১ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস থেকে তিমোথি কাস্তানিয়ের নিখুঁত ক্রসে হেড করে জালে বল পাঠান শার্ল দে কেতেলারে। এই গোলের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে স্পেন।

বিরতির পর দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। স্পেনের আক্রমণগুলো ঠেকিয়ে বেলজিয়ামকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন অধিনায়ক থিবো কোর্তোয়া। তবে ৭১ মিনিটে ঊরুর চোটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তার পরিবর্তে গোলবার সামলাতে নামেন সেন্নে ল্যামেন্স।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই কোচ লুইস দে লা ফুয়েন্তের কৌশল বদলে দেয় ম্যাচের ভাগ্য। ৮৭ মিনিটে মাঠে নামেন মিকেল মেরিনো। বদলি হিসেবে মাঠে নামার মাত্র এক মিনিট পরই পাউ কুবারসির দূরপাল্লার শট ল্যামেন্স ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে না পারায় ফিরতি বলে জোরালো শটে জাল খুঁজে নেন মেরিনো। তার ওই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন।

যোগ করা সময়ে রোমেলু লুকাকুকে সামনে রেখে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় বেলজিয়াম। তবে স্পেনের রক্ষণভাগ দৃঢ়তার সঙ্গে সব আক্রমণ প্রতিহত করে।

এর আগে শেষ ষোলোতেও পর্তুগালের বিপক্ষে যোগ করা সময়ে জয়সূচক গোল করেছিলেন মিকেল মেরিনো। টানা দ্বিতীয় নকআউট ম্যাচে শেষ মুহূর্তে গোল করে দলের নায়ক বনে যান এই স্প্যানিশ মিডফিল্ডার।

অন্য কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ফলে বিশ্বকাপের শেষ চারে এবার মুখোমুখি হবে লামিন ইয়ামালের স্পেন ও কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ইউরো ২০২৪-এর পর আবারও বড় আসরে দুই ইউরোপীয় শক্তির মহারণ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *