তানোরে বিএনপির মতবিনিময় সভায় তৃণমূলকে আরও শক্তিশালী করার আহ্বান -সাবেক মেয়র মিজানুর রহমান মিজান মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূলের ঐক্য সুসংহত করার লক্ষ্যে কামারগাঁ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাদারীপুর বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, বিএনপির জাতীয়তাবাদী আদর্শকে জনগণের কাছে আরও শক্তভাবে পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। তিনি নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থেকে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। তিনি বলেন, শক্তিশালী সংগঠনই বিএনপির ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামের প্রধান ভিত্তি। তাই প্রতিটি ইউনিটকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রেখে দলের কার্যক্রম পরিচালনা করতে হবে। সভায় বৈরী আবহাওয়া, মেঘলা আকাশ ও বৃষ্টিকে উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের আন্তরিকতা, ভালোবাসা ও নিরলস পরিশ্রমের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 🌎www.deshbartabd24.com Post navigation রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড, বরপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা