১০ বছর পর ফিরল ‘মোয়ানা’, আজ থেকেই স্টার সিনেপ্লেক্সে লাইভ অ্যাকশন জাদু

 

দেশবার্তা বিডি ২৪. কম,বিনোদন ডেস্ক:

বিশ্বজুড়ে মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকদের জন্য বড় পর্দায় আসছে বহুল প্রতীক্ষিত ডিজনির লাইভ অ্যাকশন চলচ্চিত্র ‘মোয়ানা’। জনপ্রিয় অ্যানিমেশন চরিত্রটির বাস্তব রূপ দেখতে শুক্রবার (১০ জুলাই) থেকেই দেশের সব শাখার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেশন চলচ্চিত্র মোয়ানা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই সফল গল্পকেই এবার লাইভ অ্যাকশন রূপে নির্মাণ করেছেন পরিচালক টমাস কেল। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের সাহসী তরুণী মোয়ানা ও শক্তিশালী ডেমিগড মাউইয়ের রোমাঞ্চকর সমুদ্রযাত্রার গল্প নিয়েই এগিয়েছে নতুন এই চলচ্চিত্র।

সিনেমাটিতে অ্যানিমেশন সংস্করণের জনপ্রিয় চরিত্র মাউই হিসেবে আবারও অভিনয় করেছেন হলিউড তারকা ডোয়াইন জনসন। আর মোয়ানা চরিত্রে বড় পর্দায় অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান অভিনেত্রী ক্যাথরিন লাগাইয়ার।

অ্যানিমেশন সংস্করণে মোয়ানার কণ্ঠ দেওয়া অভিনেত্রী আউলিই ক্রাভালিও এবার অভিনয়ে না থাকলেও চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন।

চলচ্চিত্রটির ভিজ্যুয়াল, সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য, উন্নত সাউন্ড ডিজাইন ও সংগীত ইতোমধ্যে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তবে কিছু সমালোচক অতিরিক্ত কম্পিউটার গ্রাফিক্স (সিজিআই) ব্যবহারের বিষয়টি তুলে ধরেছেন।

সব মিলিয়ে শৈশবের জনপ্রিয় গল্পকে নতুন আঙ্গিকে বড় পর্দায় উপভোগ করার সুযোগ এনে দিয়েছে ‘মোয়ানা’। পরিবার-পরিজন নিয়ে উপভোগ করার মতো একটি ভিজ্যুয়াল স্পেকট্যাকল হিসেবে সিনেমাটি ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *