বারবার হিন্দু নারীকে বিয়ের অভিযোগে আমির খানকে ঘিরে ভারতে বিক্ষোভ

দেশবার্তা বিডি ২৪. কম আন্তর্জাতিক ডেস্ক:

বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়েকে কেন্দ্র করে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের খবর প্রকাশিত হয়েছে। অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে বিহারের ফরবেসগঞ্জ এলাকায় বিক্ষোভ প্রদর্শন ও কুশপুতুল দাহ করা হয় বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমির খান তার দীর্ঘদিনের সঙ্গী গৌরীকে আইনিভাবে বিয়ে করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মহলে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু হয়।

বিক্ষোভে অংশ নেওয়া বজরং দলের সদস্যরা আমির খানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সংগঠনটির স্থানীয় নেতা মনোজ সোনি দাবি করেন, অভিনেতা বারবার হিন্দু নারীকে বিয়ে করছেন এবং এটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তিনি এ বিষয়ে সরকারের হস্তক্ষেপও দাবি করেন।

তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং এ বিষয়ে আমির খান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, লেখিকা তসলিমা নাসরিনও সামাজিক মাধ্যমে আমির খানের একাধিক বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন বলে ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

আমির খান ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে তিনি কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে সেই সম্পর্কেরও বিচ্ছেদ ঘটে। এরপর চলতি মাসে তিনি তৃতীয়বারের মতো গৌরীকে বিয়ে করেছেন বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *