হার্টে ছিদ্র নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু ফারদিন, চিকিৎসার দায়িত্ব নিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: জন্মগতভাবে হৃদপিণ্ডে ছিদ্র নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আট বছরের শিশু ফারদিন রায়হান। অর্থের অভাবে যখন তার জীবন রক্ষার চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছিল, ঠিক তখনই পাশে দাঁড়িয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শিশুটির চিকিৎসার পুরো দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। জানা গেছে, জন্মের পর থেকেই হৃদরোগে ভুগছে ফারদিন রায়হান। তার বাবা একজন দরিদ্র রিকশাচালক। সামর্থ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে সন্তানের চিকিৎসা চালিয়ে আসছিলেন তিনি ও তার স্ত্রী। এরই মধ্যে গত বছর অসুস্থ হয়ে মারা যান ফারদিনের মা। এরপর থেকে শিশুটির দেখভাল ও চিকিৎসার পুরো দায়িত্ব এসে পড়ে তার নানী হালিমা বেগমের ওপর। ফারদিনের নানা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আর নানী নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে অস্থায়ীভাবে ঝাড়ুদারের কাজ করেন। স্বল্প আয়ের এই পরিবারটি বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ফারদিনের চিকিৎসা চালিয়ে আসছিল। সম্প্রতি ফারদিনের প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হলে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পরামর্শ দেন। সেখানে অস্ত্রোপচারের জন্য প্রায় পাঁচ লাখ টাকারও বেশি অর্থের প্রয়োজন হবে বলে পরিবারকে জানানো হয়। বিপুল এই অর্থ জোগাড় করা দরিদ্র পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় ফারদিনের নানী হালিমা বেগম স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবনে গিয়ে শিশুটির অসুস্থতার বিষয়টি জানান। অসহায় পরিবারের কথা শুনে তাৎক্ষণিকভাবে মানবিক উদ্যোগ নেন ভূমিমন্ত্রী। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ফারদিনের চিকিৎসার পুরো দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে শিশুটিকে তার নানীর সঙ্গে ঢাকায় নেওয়া, সেখানে থাকার ব্যবস্থা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের সব ধরনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তাঁর উদ্যোগেই ফারদিনকে দ্রুত ঢাকায় নেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। ভূমিমন্ত্রীর এমন মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে ফারদিনের পরিবারে। শিশুটির নানী হালিমা বেগম বলেন, এতদিন অর্থের অভাবে নাতির চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা। ভূমিমন্ত্রী পাশে দাঁড়ানোয় এখন নতুন আশার আলো দেখছেন। এদিকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ফারদিনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটি সুস্থ হয়ে আবার তার পরিবারের কাছে ফিরে আসবে। অসহায় একটি শিশুর জীবন বাঁচাতে ভূমিমন্ত্রীর এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। Post navigation কবি মিঠুন কুমার ঘোষকে সাহিত্য সম্মাননা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বাঘার এসিল্যান্ড নুসরাত জাহান অনন্যা, ; ক্ষয়ক্ষতি পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা; প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস