সিংড়া সার্কেল অফিস পরিদর্শনে নাটোরের পুলিশ সুপার, সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা

 

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সিংড়া সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি অফিসের প্রশাসনিক কার্যক্রম, রেকর্ড সংরক্ষণ ও দাপ্তরিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মঙ্গলবার (২১ জুলাই) সিংড়া সার্কেল অফিসে অনুষ্ঠিত এ পরিদর্শনে পুলিশ সুপার সার্কেল অফিসে সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র এবং দৈনন্দিন কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। তিনি রেজিস্টার সংরক্ষণ ও ব্যবহারে নির্ধারিত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন।

পরিদর্শনকালে তিনি উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে বলেন, জনগণকে দ্রুত, মানসম্মত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে প্রতিটি ইউনিটকে আরও দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা, নিয়মনীতি অনুসরণ এবং আধুনিক পুলিশিংয়ের মান বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।

সময় নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, সহকারী পুলিশ সুপার (প্রবি), সিংড়া ও গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জসহ সার্কেল অফিসের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত বার্ষিক পরিদর্শনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed