র‌্যাব-৫ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ৪৩ লাখ টাকার জাল বিদেশি মুদ্রা উদ্ধার, গ্রেপ্তার ২

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৪৩ লাখ ৪৫ হাজার ৬০০ টাকার জাল বিদেশি মুদ্রা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার (৮ আগস্ট) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বালুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিখোর এলাকার মো. শামীম আলী (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা চৌধুরীপাড়া এলাকার মো. তসিকুল ইসলাম (৩০)।

র‌্যাব-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল বালুবাগান এলাকায় জনৈক মো. মইদুল ইসলামের মালিকানাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে। সেখানে পলাতক আসামি ‘খান সাহেব’-এর ভাড়া বাসা থেকে শামীম আলী ও তসিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ৪৩ লাখ ৪৫ হাজার ৬০০ টাকার জাল বিদেশি মুদ্রা এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাসায় জাল টাকা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছেন। তাদের দাবি, পলাতক আসামি ‘খান সাহেবের’ মদতে তারা এ কার্যক্রম চালিয়ে আসছিলেন।

গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক আসামি ‘খান সাহেবকে’ গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *