রাজশাহীর ভুবন মোহন পার্কে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০ মো : সাজু আহমেদ,রাজশাহী প্রতিনিধি: জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। এরই ধারাবাহিকতায় নগরীর ভুবন মোহন পার্ক এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। রোববার (২৩ আগস্ট) রাত সোয়া ২টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন ভুবন মোহন পার্কের ভেতরে সিটি করপোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৬৬ সেট প্লে-কার্ড (তাস), জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে চারটি স্মার্টফোনে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপস ব্যবহারের তথ্য পাওয়া যায়। পুলিশের এ অভিযানে নগরীতে প্রকাশ্য ও গোপনে পরিচালিত জুয়া এবং অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে। বিশেষ করে গভীর রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে একসঙ্গে ১০ জনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ জুয়া সামগ্রী ও টাকা জব্দ করায় পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদারের বিষয়টি স্পষ্ট হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকার বেলাল হোসেন (৫৫), বেলদারপাড়ার মিলন সরকার (৩০), রাজারহাতা এলাকার কাজী ছোটন (৫১), বোয়ালিয়াপাড়ার বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনি বৌবাজার এলাকার খোকন (৫৪), শিরোইল কলোনির হাবিবর রহমান (৬০), আইনুল হক (৫০), আব্দুল আলিম (৪৫) এবং নাটোর সদর থানার চক বৈদ্যনাথ এলাকার রানা (৩৭) ও মেহেরাজ (৩২)। সোমবার (২৪ আগস্ট) নগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নগরজুড়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জুয়া, অনলাইন বেটিংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। Post navigation তানোরকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের কঠোর ভূমিকা চান এনসিপি নেতৃবৃন্দ চুয়াডাঙ্গায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার, রাজশাহীতে র্যাবের অভিযানে গ্রেপ্তার ২