রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক সমিতির সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: সড়ক ও মহাসড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধ, যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। সভায় সড়ক পথে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, মহাসড়ক ও জেলা সড়কে কোনো ধরনের অবৈধ অর্থ আদায় বা চাঁদাবাজি বরদাশত করা হবে না। সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব করতে জেলা পুলিশ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তিনি পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, কোথাও চাঁদাবাজি বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পরিবহন মালিক সমিতির সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এ সময় পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দও সড়ক থেকে চাঁদাবাজি ও অনিয়ম নির্মূলে জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজশাহী পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। Post navigation রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন, ৭২ ঘণ্টার আলটিমেটাম তানোরে তিন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন;| নারী এমপি মাহমুদা হাবিবার আহ্বান—শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই