রাজশাহীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন

👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ২৮ জুন ২০২৬

রাজশাহী জেলায় ২০২৬ সালের ক্যাডেট এএসআই (নিরস্ত্র)পদে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই (ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট-পিইটি) সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

রোববার (২৮ জুন) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেন। নিয়োগ বোর্ডের সভাপতি ও রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং বোর্ডের সদস্যদের উপস্থিতিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে পুরুষ প্রার্থীদের জন্য ১,৬০০ মিটার এবং নারী প্রার্থীদের জন্য ১,০০০ মিটার দৌড়, পাশাপাশি লং জাম্প ও হাই জাম্প অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম নির্ধারিত নীতিমালা অনুসরণ করে প্রতিটি প্রার্থীর সক্ষমতা মূল্যায়ন করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। কোনো ধরনের আর্থিক লেনদেন, তদবির বা অবৈধ প্রভাবের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ নেই। চাকরির নামে কেউ অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া আবেদনপত্রে মিথ্যা তথ্য প্রদানকারী, সংক্রামক ব্যাধিতে আক্রান্ত কিংবা মাদকাসক্ত ব্যক্তিদের নিয়োগের জন্য অযোগ্য বিবেচনা করা হবে বলেও জানানো হয়।

পরীক্ষা পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান প্রার্থীদের মেধা, যোগ্যতা ও সততার মাধ্যমে নিজেদের প্রমাণ করার আহ্বান জানান। একই সঙ্গে দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *