মোহনপুরে এএসআইকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর প্রতিবাদ

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুরে এক পুলিশ কর্মকর্তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী।

শনিবার (৪ জুলাই) বিকেলে মোহনপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা নাসরিন বেগম।

লিখিত বক্তব্যে নাসরিন বেগম জানান, তার প্রতিবেশী মৌসুমী বেগমের মেয়ে মীম খাতুনের পারিবারিক বিরোধ সংক্রান্ত একটি অভিযোগ তদন্ত করছিলেন মোহনপুর থানার এএসআই বেলাল হোসেন। তদন্তের অংশ হিসেবে তিনি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করেন এবং বিষয়টি সমাধানের চেষ্টা করেন।

তিনি অভিযোগ করেন, তদন্ত চলাকালে এলাকার কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে এএসআই বেলাল হোসেনের বিরুদ্ধে তার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে বলে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অপবাদ ছড়ায়। এ সময় তারা পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

নাসরিন বেগম বলেন, ঘটনার সময় তিনি নিজ বাড়ির ভেতরে অবস্থান করলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম জড়িয়ে বিভিন্ন ফেসবুক আইডি ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচার করা হয়। এছাড়া কয়েকটি অনলাইন গণমাধ্যমেও যথাযথ যাচাই-বাছাই ছাড়াই মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার ও পরিবারের সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে এএসআই বেলাল হোসেনকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য চাপ সৃষ্টি করছে। এ ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি এবং বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলেও দাবি করেন।

সংবাদ সম্মেলনে নাসরিন বেগম বলেন, ধারাবাহিক হুমকি ও অপপ্রচারের কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তিনি প্রচারিত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *