দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক অভিযান: ইউএনও (ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড লাইলা নূর তানজুর নেতৃত্বে ৪ এক্সকাভেটর অকেজো, থানায় মামলা

👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, (রাজশাহী) :

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা এলাকায় সরকারি ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমির টপসয়েল কেটে অবৈধভাবে পুকুর খনন এবং জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে অবৈধ খননকাজে ব্যবহৃত চারটি এক্সকাভেটর (ভেকু) যান্ত্রিকভাবে অকেজো করা হয়েছে এবং আটটি ব্যাটারি নিষ্ক্রিয় করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ঝালুকা এলাকায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাইলা নূর তানজু।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি ভিপি জমির উর্বর টপসয়েল কেটে অনুমোদন ছাড়াই পুকুর খনন করে আসছিল। এতে একদিকে সরকারি জমির শ্রেণি পরিবর্তন হচ্ছিল, অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে খননকাজে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে ঘটনাস্থলে থাকা মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এক্সকাভেটর জব্দ করা সম্ভব না হওয়ায় পরিবহনের সুযোগের অভাবে সেগুলো ঘটনাস্থলেই যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়। পাশাপাশি খননকাজে ব্যবহৃত আটটি ব্যাটারি নিষ্ক্রিয় করা হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি জমি দখল, অবৈধভাবে টপসয়েল অপসারণ, অনুমোদনহীন পুকুর খনন এবং কৃষিজমির শ্রেণি পরিবর্তন দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

এ ঘটনায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১, ১২ ও ১৩ ধারায় দুর্গাপুর থানায় নিয়মিত মামলা (নং-১৮/২০২৬) দায়ের করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাইলা নূর তানজু বলেন, “সরকারি জমি, কৃষিজমি কিংবা ভিপি জমি অবৈধভাবে দখল, টপসয়েল কাটা বা অনুমোদন ছাড়া পুকুর খননের কোনো সুযোগ নেই। প্রাকৃতিক পরিবেশ ও কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যারা আইন অমান্য করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের প্রভাব বা সুপারিশের সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও অবৈধভাবে মাটি কাটা, পুকুর খনন বা সরকারি জমি দখলের ঘটনা ঘটলে দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।”

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খননের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে সরকারি জমি রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা সহজ হবে।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *